বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও স্মরণীয় এক আয়োজন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার কমডোর মুহাম্মদ শরিফুল ইসলাম, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,
এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ
ও
সভাপতি, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রথম দিনেই পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ও উদ্দীপনার আবহ।
এরপরই অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর প্যারেড, যেখানে চারটি হাউজের শিক্ষার্থীরা শৃঙ্খলা, ঐক্য ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ছন্দবদ্ধ পদচারণা, সুসংগঠিত কুচকাওয়াজ ও দৃপ্ত অভিবাদনে প্যারেড মাঠজুড়ে সৃষ্টি করে এক গর্বিত আবহ, যা দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানের গাম্ভীর্য আরও বাড়িয়ে তোলে।
প্রধান অতিথির উপস্তিতিতে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ বিকাশের গুরুত্ব গভীরভাবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ, অত্র ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক ও প্রাথমিক), শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং প্রাণচঞ্চল কোমলপ্রাণ শিক্ষার্থীরা। সবার সম্মিলিত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ।
চারটি হাউজে বিভক্ত প্রতিযোগীদের অংশগ্রহণে মাঠজুড়ে অনুষ্ঠিত হয় নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের দক্ষতা, উদ্যম ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের করতালিতে মুখর করে তোলে চারপাশ। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের মাঝে গড়ে ওঠে ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা।
রঙিন ব্যানার, ফেস্টুন ও বেলুনে সজ্জিত ক্রীড়াঙ্গন ও হাউজসমূহ পুরো পরিবেশকে করে তোলে উৎসবের রঙে রাঙানো। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের উৎসাহ এবং অতিথিদের আন্তরিক উপস্থিতিতে প্রথম দিনের আয়োজন শেষ হয় আনন্দ, অনুপ্রেরণা ও স্মৃতিময় আবেশে।
Copyright © 2016 All rights Reserved
Powered by: Rapid IT