বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। ছায়াঘেরা সবুজ পরিবেশে সুবিশাল মাঠের মাঝখানে অবস্থিত এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য এক মনোরম ও অনুকূল শিক্ষাবান্ধব আবহ তৈরি করেছে। এখানে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের উপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়। "শিক্ষা-সংযম-শৃঙ্খলা" আমাদের মূলমন্ত্র, যা প্রতিটি শিক্ষার্থীর জীবন গঠনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত এই কলেজটি শিক্ষার মানোন্নয়নে একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিত। সুশৃঙ্খল প্রশাসন ও আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে এখানে একটি কার্যকর ও গতিশীল শিক্ষা পরিবেশ গড়ে উঠেছে।
এই কলেজে আধুনিক শিক্ষার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ওয়াইফাই সুবিধা সংযোজিত, যা শিক্ষাকে করেছে আরও গতিশীল ও আকর্ষণীয়। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাধীন থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হয়। এছাড়া রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে দেশ-বিদেশের প্রখ্যাত লেখকদের অসংখ্য বই সংরক্ষিত আছে-যা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সংস্কৃতি চর্চায়ও আমাদের শিক্ষার্থীরা সমানভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বিভিন্ন জাতীয় ও ঐতিহ্যবাহী দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতায় ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা সতঃস্ফুতভাবে অংশগ্রহণ করে এবং তাদের সৃজনশীলতা ও প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়। এসব আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়েও তারা গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। প্রতি বছরই একাডেমিক ফলাফলে আমাদের শিক্ষার্থীরা উপজেলার শীর্ষস্থান অধিকার করে, যা এই প্রতিষ্ঠানের গুণগত শিক্ষার প্রতিফলন।
কলেজ প্রাঙ্গণে রয়েছে দৃষ্টিনন্দন অডিটোরিয়াম, আধুনিক কনফারেন্স রুম এবং টিচার্স লাউঞ্জ, যা শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে শিশুপার্ক ও বিভিন্ন খেলাধুলার উপকরণ। কলেজ গেটের সন্নিকটে ক্যান্টিন ও শাহীন বুকস্টল শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক ভূমিকা পালন করে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে শিক্ষার্থীরা সুশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ এবং সংস্কৃতিমনস্ক দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাদের মেধা, মনন ও নৈতিকতা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে-এই প্রত্যাশাই আমাদের প্রেরণা।
গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান,পিএসসি
এমএসসি (চবি), এমডিএস (বিইউপি )
অধ্যক্ষ
বি এ এফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর
Copyright © 2016 All rights Reserved
Powered by: Rapid IT